
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ অগ্রাহ্য করে কর্নাটকের শিমোগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছিলেন তিনি।
সেই অপরাধে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। বিজেপির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।২০০৯ সাল থেকে বিজেপির দখলে থাকা শিমোগায় এবার বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র তথা বিদায়ী সাংসদ বিওয়াই রাঘবেন্দ্রকে আবার প্রার্থী করেছে। ঘটনাচক্রে, কর্নাটক বিজেপির সভাপতি পদে এখন রয়েছেন বিএস ইয়েদুরাপ্পার আর এক পুত্র বিজয়েন্দ্র। তিনিই কেএস ঈশ্বরাপ্পাকে ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।








