
৩০ তম কলকাতা আন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করে সিনেমার বিশ্বায়নের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের পরিবর্তে এবার ধনধান্য স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়।
জায়গাবদল নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এবছর জেনেশুনেই ছোট জায়গায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। মাঝে মধ্যে জায়গা বদল করা প্রয়োজন। এতে মানুষও অন্যত্র যাওয়ার সুযোগ পান। এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ফান্স। মুখ্যমন্ত্রী বলেছেন সিনেমার কোনও বাউন্ডারি নেই। পৃথিবী একটাই দেশ, সবাইই এক। ইতিহাস, ভুগোল, গায়ের রং, পোশাক, ভাষা হয়ত আলাদা, কিন্তু সিনেমার প্রতি অগাধ ভালবাসা এবসুতোয় বাঁধা রয়েছে।
তিনি আরও বলেছেন এখন যখন বিশ্বের সিনেমা বাংলায় এসেছে, একদিন এরাজ্যের সিনেমাও বিশ্বের দরবারে জায়গা করে নেবে। বিদেশের দৃশ্যপট যেমন সিনেমায় দেখা যায় তেমনই বাংলার জল জঙ্গল, পাহাড়ও যাতে বিদেশি সিনেমায় জায়গা করে নেয়, বাংলার শিল্পীরা যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রতিভার পরিচয় দিতে পারেন, সিনেমা শিল্পে যাতে কর্মসংস্থান বাড়ে তা নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
