
৫ দিন ধরে অভিযান, সোপিয়ানের ৭ গ্রাম জুড়ে চিরুনি তল্লাশির পর অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানাইয়ের। জাকির সেই দুই জঙ্গির একজন যাকে ৩ জুলাই জঙ্গলে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল।
গোয়েন্দাদের হিট লিস্টে এ প্লাস প্লাস ক্যাটাগরিতে থাকা এই জঙ্গি মৃতদেহ বুধবার উদ্ধার করা হয়েছে। যা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সোপিয়ান জেলায় এক ফলের বাগানে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল দুই জঙ্গি জাকির ও লতিফ-কে। এরা দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা। দু’জনের খোঁজে ৫ দিন ধরে অভিযান চালাচ্ছিল যৌথবাহিনী। ওই অঞ্চলের ৭টি গ্রাম ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।
নিরাপত্তা বাহিনী এলাকার একটি ফলের বাগানে ঢুকলে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দীর্ঘ গুলির লড়াইয়ের পর অবশেষে জঙ্গি জাকিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।








