লোন অ্যাপে ২০০ কোটির জালিয়াতি, ধৃত ইঞ্জিনিয়ার

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

মোবাইল অ্যাপের মাধ্যমে চটজলদি বা ইনস্ট্যান্ট লোনের টোপ দিয়ে দেশজুড়ে পাতা জালে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন ভারতের প্রায় ৫ লাখ মানুষ। এবার এই ২০০ কোটি টাকার লোন অ্যাপ কেলেঙ্কারির মূল মাথাকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত ব্যক্তি মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা এবং পেশায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম কামিল সিদ্দিকি। ভোপালের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ারকে নাগপুর পুলিশের সাইবার সেল দীর্ঘ তদন্তের পর ভোপাল থেকে তাকে পাকড়াও করেছে। অভিযোগ, কামিল নিজেই একটি মোবাইল লোন অ্যাপ্লিকেশন তৈরি করেছিল, যার নাম,মাস্ত মানি। এই একটিমাত্র অ্যাপকে হাতিয়ার করেই দেশজুড়ে কোটি কোটি টাকার প্রতারণার কারবার চালাচ্ছিল সে। পুলিশ জানিয়েছে, গ্রাহকরা যখনই অ্যাপটি ফোনে ইনস্টল করতেন, তখনই অজান্তে ফোনের গ্যালারি, কনট্যাক্ট লিস্ট এবং ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস চলে যেত প্রতারকদের হাতে। এই সুযোগে কামিল এবং তার সাঙ্গোপাঙ্গরা গ্রাহকদের মোবাইল ফোনের সমস্ত ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিত।

লোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর আসল লোনের মেয়াদের আগেই গ্রাহকদের থেকে বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হত।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কামিল এবং তার সহযোগীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মাস্ট মানি অ্যাপটির ব্যাপক প্রচার চালাত। বিজ্ঞাপনে চটকদার প্রতিশ্রুতি দেওয়া হত যে, মাত্র কয়েক মিনিটে ঘরে বসে ১৫ হাজার টাকা পর্যন্ত অনলাইন লোন পাওয়া যাবে। এই লোভনীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার সাধারণ মানুষ অ্যাপটি ডাউনলোড করেন এবং লোনের জন্য আবেদন জানাতে শুরু করেন।