
ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে বছর আটের বাচ্চা ছেলের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরের রাঙামাটি গেট বাজার সংলগ্ন এলাকায়।
অগ্নিকাণ্ডের জেরে খান ছয়েক দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দু-তিনটি বাড়ি। স্থানীয় সূত্রের খবর, মেদিনীপুর গেট বাজার এলাকার একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেই এই কাণ্ড হয়েছে। ভোর তিনটে নাগাদ সকলে যখন ঘুমে মগ্ন, তখনই দাউদাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। পুড়ে যায় দোকান থেকে বাড়ি। জানা গেছে, পুড়ে যাওয়া বাড়িগুলির মধ্যেই একটিতে আগুনে ঝলসে যায় এক নাবালক। রানা নামের ওই ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।








