
অটো পিছু ২ লক্ষ টাকা তুলছেন তৃণমূল কাউন্সিলর, আর এই নিয়ে প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের হাতে মার্ খেতে হয়েছে খোদ তৃণমূলেরই অটো ইউনিয়নের সহ সম্পদককে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ১৪ নং ওয়ার্ডে।
জানা গিয়েছে, মধ্যমগ্রামের ১৪ নং ওয়ার্ডের সাহেববাগান পাত্রপাড়ার যে অটো ইউনিয়ন রয়েছে, তার সহ সম্পাদকের সঙ্গে স্থানীয় কাউন্সিলর সুশান্ত রায়ের বচসা বাঁধে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা তুলে রুটে অটো চালানোর অনুমতি দেন তিনি। আর তাতেই বাধা দেন ইউনিয়নের সহ সম্পাদক। বৃহস্পতিবার সকালে কাউন্সিলরের বাড়ির সামনে থেকে অটো নিয়ে গেলে সেই অটোচালককে দাঁড় করিয়ে অটোর ছবি খুলে নেওয়া হয়। এতে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, কাউন্সিলর সুশান্ত রায় তখনই ওই অটোচালককে মারধর করেন। তার পরপরই স্থানীয় অটোচালকরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন কাউন্সিলর।
