
প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী। প্রদেশ নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠকে পরবর্তী সভাপতি পদে নতুন নাম চাইল এআইসিসি। শুক্রবার বৈঠকে প্রদেশের ১০ সিনিয়র নেতার সামনে এই তথ্য ফাঁস করেছেন রাজ্যে দলের পর্যবেক্ষক গুলাম মীর।
তার আগেই অবশ্য প্রদেশ সভাপতি থেকে গোটা প্রদেশ কমিটি পুনর্গঠনের প্রস্তাব পাস হয়ে গিয়েছে মৌলালি যুবকেন্দ্রে দলের বর্ধিত কার্যকরী সমিতির ঘণ্টা দুয়েকের বৈঠকে।জানা যাচ্ছে,এই ইস্তফা পর্ব হয়ে গিয়েছে ভোটের ফল বেরনোর পরপরই। দিল্লি গিয়ে নিজের পদে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অধীর। পরে তা দিয়েও দেন। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের সময়েই এই খবর নিয়ে জল্পনা তৈরি হয়। এআইসিসি-ও চাইছিল দলীয় সংগঠন নতুন করে সাজাতে। ফলাফল পরবর্তী অধীরের নিজের অবস্থান, দীর্ঘদিন প্রদেশ কংগ্রেসের দায়িত্ব ছাড়ার ইচ্ছা, রাজ্যে দলের হার আর সভাপতির বিরুদ্ধে একটা বড় অংশের চাপা ক্ষোভের আঁচ পেয়েছিল এআইসিসিও। তারাও ভিতরে ভিতরে রাজ্যে সংগঠন পুনর্গঠনের প্রস্তুতি চালাচ্ছিল। সেই পরিস্থিতিতেই অধীরের ইস্তফা গৃহীত হয়েছে বলে খবর। কিন্তু অধীর চৌধুরী নিজে তা নিয়ে একবারও প্রকাশ্যে কিছু বলতে চাননি। দিল্লিও জানিয়ে দেয় নতুন করে যতদিন না কাউকে খুঁজে নেওয়া হচ্ছে, অধীর চৌধুরীই কাজ চালিয়ে যান।
