
সাঁতারের অনুশীলন চলাকালীন জলের নীচে অচৈতন্য হয়ে পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরী সাঁতারুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের বিধাননগর পুরসভার সুইমিং পুলে।
পুলিশের প্রাথমিক অনুমান , জলের নীচে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির ছাত্রী ওই সাঁতারুর। তাদের বাড়ি সল্টলেকের এ ই ব্লকে। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রী জাতীয় স্তরের প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার সকালে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুইমিং পুলে সাঁতারের অনুশীলনে প্রশিক্ষকের পাশাপাশি তার মা ডালিয়া দত্তও উপস্থিত ছিলেন। পুলিশ জেনেছে, জলের নীচে সর্বাধিক কত ক্ষণ দম ধরে রাখা যায়, তারই অনুশীলন করছিল ওই কিশোরী। সঙ্গে অন্য সাঁতারুরাও ছিলেন। নির্দিষ্ট সময় পরে বাকিরা জলের নীচ থেকে উঠে এলেও ওই ছাত্রী না উঠলে তখনই তার মা জলে ডুব দেন। অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার দেহের ময়না তদন্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই কিশোরীর বাড়িতে যান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কর্তৃপক্ষ সুইমিং পুলটি আপাতত বন্ধ করেছে।
