
অন্ধ্রপ্রদেশে পারিবারিক বিবাদের জেরে একসঙ্গে তিন প্রজন্মকে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। দাদু, বাবা এবং ছেলেকে হত্যাকাণ্ডটি ঘটেছে কাকীনাড়া জেলার সলপাকা গ্রামের।
নিহতেরা হলেন বাথুলা রমেশ, তাঁর পুত্র বাথুলা চিন্নি এবং নাতি বাথুলা রাজু। কুপিয়ে তাদের খুন করা হয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি বিক্রান্ত পাটিল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা গিয়ে দেখেন, বাড়ির সামনে ছড়িয়ে আছে তিন জনের রক্তাক্ত দেহ। তাদের হাতে ধারালো অস্ত্র ধরানো রয়েছে। সূত্রের খবর, বাথুলা পরিবারের সঙ্গে অন্য এক পরিবারের দীর্ঘদিনের গোলমাল ছিল। সেই গোলমাল থেকে নতুন করে বচসা শুরু হয়। এক পক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে অন্য পক্ষ। বাথুলা পরিবারের তরফে কোনও অপমানজনক মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। তারপরেই ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে অন্য পক্ষ। একসঙ্গে কুপিয়ে খুন করা হয় দাদু, বাবা এবং নাতিকে। এখনও পর্যন্ত অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ।
