
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্বর ক্লোন করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন করে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টার ঘটনায় দিল্লি থেকে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও পুলিশ জানিয়েছে, যে নম্বরটি ক্লোন করা হয়েছিল সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বর নয়।৭ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিয়ে রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানকে এক ব্যক্তি ফোন করেন। ফোন পেয়ে ভাইস চেয়েরম্যানের কিছুটা সন্দেহ হয়। গলার স্বরও সন্দেহজনক মনে হওয়ায় তিনি বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে জানান। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে পুলিশ খোঁজ পায় ফোন নম্বরটির যোগসূত্র রয়েছে দিল্লির সঙ্গে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দিল্লি গিয়ে দেখে শুভজিতের নামের এক ব্যক্তির বন্ধু অভিষেক চৌধুরী আইটিতে কাজ করেন। সেই বন্ধুকে দিয়েঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বরটি ক্লোন করিয়ে ফোন করায় শুভজিৎ। দু’জনকে পুলিশ গ্রেফতার করে কলকাতা নিয়ে আসে। ধৃতদের আদালতে হাজির করানো হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
