
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে মন্তব্য করায় পুলিশ হেফাজতে অভিযক্ত ২ তরুণীকে বেধড়ক মারধর করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর জি করকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে নিয়ে মন্তব্য করা হয় বলে অভিযোগ।
এক মহিলা ডায়মন্ড হারবার থানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে মামলা করেন। এরপরেই ৭ সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেফতার করা হয় ২ তরুণীকে। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অভিযোগ হেফাজতে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যেভাবে হেফাজতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে তাতে পুলিশের ওপর আদালতের ভরসা উঠে যাচ্ছে। এরপরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এই মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৫ নভেম্বর প্রথামিক রিপোর্ট পেশ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
