
অমরনাথ যাত্রা শেষ হলেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন করতে পারে নির্বাচন কমিশন। এমনটাই সূত্রের খবর। ঘটনাচক্রে, শুক্রবারই জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যা কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।সুপ্রিম কোর্ট ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং কমিশনকে। জল্পনা ছিল, জম্মু-কাশ্মীরের পাঁচ এবং লাদাখের একটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের সঙ্গেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হবে। কিন্তু তা হয়নি। তবে লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই সেখানে বিধানসভা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করা কথা জানিয়েছিল কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, শীঘ্রই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে। ৮ জুন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রতীক আদেশ, ১৯৬৪’-এর ১০বি অনুচ্ছেদ অনুযায়ী প্রতীক চিহ্ন বরাদ্দের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
