
প্যারিস অলিম্পিক্সে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছেন। তবে এই তালিকায় নাম নেই বাঙালি শটপাটার আভা খাটুয়ার। বুধবার ক্রীড়া মন্ত্রক চূড়ান্ত তালিকায় অনুমোদন দিয়েছে।
পাশাপাশি ১৪০ জন সাপোর্ট স্টাফ এবং আধিকারিকও প্যারিসে যাবেন। তাদের মধ্যে ৭২ জনের খরচ দেবে কেন্দ্রীয় সরকার। বাঙালি আভা খাটুয়া না থাকলেও ২৯ জন ক্রীড়াবিদ নিয়ে অ্যাথলেটিক্সেই সবচেয়ে বড় দল রয়েছে।তাদের মধ্যে ১১ জন মহিলা এবং ১৮ জন পুরুষ ক্রীড়াবিদ রয়েছেন। এরপরে শুটিংয়ে ২১ এবং হকিতে ১৯ জন রয়েছেন। টেবিল টেনিসে আট জন এবং ব্যাডমিন্টনে সাত জন রয়েছেন। কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে ছ’জন করে রয়েছেন। গল্ফে চার জন, টেনিসে তিন জন, সাঁতারে দু’জন, সেলিংয়ে দু’জন, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে একজন করে রয়েছেন।টোকিয়ো অলিম্পিক্সে ভারতের প্রতিনিধি আরও দু’জন ছিলেন। সেই অলিম্পিক্সে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সাতটি পদক জিতেছিল ভারত। ভারতের অলিম্পিক্স সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন।
