
টোকিয়োর পর প্যারিস অলিম্পিক্সেও হকিতে ভারতের ভাগ্যে সেই ব্রোঞ্জই। স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্য়াচে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতের পুরুষ হকি দল।
নিজের শেষ আন্তর্জাতিক ম্য়াচে অলিম্পিক্স পদক জিতে নিয়েছেন শ্রীজেশ। ম্য়াচের শুরু থেকেই বারবার স্পেনের সার্কেলের ভেতরে আঘাত হানছিলেন ভারতীয় হকি প্লেয়াররা। আগের ম্য়াচে খেলতে পারেননি অমিত রোহিদাস। এদিন তারকা এই ডিফেন্ডার একাদশে ফিরে আসার পর ভারত আরও শক্তিশালী হয়ে কোর্টে নেমেছিল। প্রথম কোয়ার্টারে ৮ মিনিটের মাথায় ভারতের ২ নির্ভরযোগ্য হকি প্লেয়ার গুরযন্ত ও মনপ্রীত চোট পান। কিন্তু প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটর মাথায় হঠাৎ আক্রমণে এসে পেনাল্টি কর্নার জিতে নেয় স্পেন। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্ক মিরালেস। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শেষে পেনাল্টি কর্নার থেকে গোলশোধ করে দেন হরমনপ্রীত সিং। মাত্র ২১ সেকেন্ড আগেই গোলশোধ করেন ভারত অধিনায়ক। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পেয়ে যায় ভারত। এগিয়ে যায় তাঁরা। ৩৩ মিনিটের মাথায় ফের একবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। অধিনায়কের জোড়া গোলে ম্য়াচে জয় নিশ্চিত করে ফেলেছিল ভারত। কিন্তু বাকি দুটো কোয়ার্টার বাকি ছিল। তাই কিছুটা ডিফেন্সে শক্ত থাকতেই হত ভারতকে। স্পেন বারবার আক্রমণ করছিল ভারতের সার্কেলের দিকে। কিন্তু হার্দিক, অভিষেক, জারমনপ্রীতরা মিলে ডিফেন্স ভাঙতে দেননি। শেষ পর্যন্ত ভারত ম্য়াচ জিতে অলিম্পিক্সে আরও একটি পদক ঝুলিতে পুরে নিল। হকিতে অলিম্পিক্সের মঞ্চে এই নিয়ে ১৩ তম পদক জিতেছে ভারতীয় হকি দল। ১৯৬৮ ও ১৯৭২ পরপর দুবার অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। এরপর ৫২ বছর পর ফের টানা দুটো অলিম্পিক্সে পদক জিতল টিম ইন্ডিয়া।
