
দেশে ফিরছেন অশ্লীল ভিডিওকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না। অশ্লীল ভিডিয়োকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই দেশছাড়া ছিলেন তিনি।
তাঁকে দেশে ফেরানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। কিন্তু কিছুতেই তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার প্রজ্বল রেভান্না নিজেই জানিয়েছেন দেশে ফিরে বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হবেন তিনি। সোমবার এক ভিডিও বার্তায় বিদায়ী জেডিএস সাংসদ বলেছেন, তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, তাই নিজেকে সরিয়ে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক উত্থান সহ্য করতে না পেরে হাসনেরই কিছু শক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারপরই প্রজ্বল রেভান্না বলেছেন, তাঁকে দয়া করে ভুল বুঝবেন না। তিনি ৩১ মে সকাল ১০টার সময় সিটের সামনে হাজিরা দেবেন। পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করবেন। বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থা রয়েছে।প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতির বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবারই নাতিকে দেশে ফিরতে বার্তা দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
