অসমে ডিটেনশন ক্যাম্প নিয়ে অসমকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের 

0
4453
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এনআরসি-সিএএ বিতর্ক চলাকালীন বিদেশি সন্দেহে আটক ব্যক্তিদের ডিটেনশন সেন্টারে দিনের পর দিন রেখে দেওয়ায় অসম সরকারকে চরম ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত অসম সরকারের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছে, কেন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে, যদি তাঁরা সত্যিই বিদেশি হন, অর্থাৎ ভারতের নাগরিক না হন, তাহলে কেন তাঁদের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে না? অসম সরকারের কাছে সর্বোচ্চ আদালতের প্রশ্ন, এর জন্য কি শুভ মুহূর্ত-র অপেক্ষা করা হচ্ছে? সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভুইঞাকে নিয়ে গঠিত বেঞ্চ বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকারকে নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব বিদেশিদের তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে। অসম সরকার আদালতকে জানিয়েছিল, যাঁদের আটক করা হয়েছিল তাঁদের সঠিক ঠিকানা জানা নেই বলে ফেরত পাঠানো যাচ্ছে না। জবাবে বেঞ্চ বলে, যদি ঠিকানা জানা না থাকে তাহলে তাঁদের নিজ নিজ দেশের রাজধানীতে ছেড়ে দিয়ে আসা হয় যেন। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দু-সপ্তাহ সময় দিয়ে ডিটেনশন ক্যাম্পে আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করার নির্দেশ দেয়।
শুধু তাই নয়, এ ব্যাপারে পরবর্তী দিন সরকারকে একটি হলফনামা দাখিল করতে বলেছে আদালত। অসমের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ডিটেনশন ক্যাম্প রয়েছে।