
কাজের সূত্রে পুলিশফাঁড়িতে আসা কলকাতা হাই কোর্টের এক আইনজীবীকে ফাঁড়ির ভিতরেই মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশকর্তার বিরুদ্ধে।
ঘটনায় জখম ওই আইনজীবীকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ওই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশকর্তার গ্রেফতারির দাবিতে হাই কোর্টের কাজ বয়কট করেছেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।যার জেরে সোমবার, সপ্তাহের প্রথম দিনেই থমকে গিয়েছে হাই কোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি। জানা গেছে রবিবার বিকেলে,হাই কোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল মামলার কাজে গিয়েছিলেন বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ পুলিশফাঁড়িতে।অভিযোগ, সেই সময়েই ওই ফাঁড়িতে থাকা পুলিশের সাব ইনস্পেক্টর সুদীপ্ত সান্যাল প্রথমে সৌরভকে হেনস্থা করেন,তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।এমনকি, তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করেন। অভিযোগ,পরে ওই আইনজীবীকে মারধরও করেছেন সাব ইনস্পেক্টর সুদীপ্ত। আহত অবস্থায় ওই আইনজীবীকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়।পরে ওই আইনজীবী ঘটনাটির কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি, আইজি, পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার ওসিকে চিঠি দিয়েছেন। প্রমাণ হিসাবে ওই পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের অনুরোধও করেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই সাব ইনস্পেক্টরকে শোকজ় করে তাঁকে ক্লোজ় করেছেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। অন্য দিকে, সোমবার হাই কোর্টে একটি প্রস্তাব পাশ করে বার অ্যাসোসিয়েশন জানিয়েছে,ঘটনাটির প্রতিবাদে বারের কোনও আইনজীবী বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ করবেন না।




