আগামী তিন দিন ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

0
267
The temperature will increase by 4 degrees in the next three days
The temperature will increase by 4 degrees in the next three days

আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিনও একই রকম গরম থাকবে।

আগামী তিন দিন রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও তীব্র তাপপ্রবাহ হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলায় চলবে তাপপ্রবাহ। শনিবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলায় হতে পারে তাপপ্রবাহ।