
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর আশীর্বাদ নিয়েছেন নরেন্দ্র মোদী।
শুক্রবার জেডিইউ প্রধান নীতীশ কুমার ও টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে এনডিএ-র সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার ফের একবার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। তার আগে তিন বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশী এবং রামনাথ কোবিন্দের বাড়িতে যান নরেন্দ্র মোদী। এদিন সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠক শেষে নরেন্দ্র মোদী পৌঁছন লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর পায় ছুঁয়ে প্রণাম করেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণ দু’জনের মধ্যে কুশল বিনিময় এবং কথাবার্তা হয়। এরপর তিনি পৌঁছন বর্ষীয়ান বিজেপি নেতা মুরলি মনোহর জোশীর বাসভবনে। তিনি নরেন্দ্র মোদীকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানিয়েছেন। সেখান থেকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে যান নরেন্দ্র মোদী। তাঁকে মিষ্টিমুখ করিয়ে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রামনাথ কোবিন্দ।
