
আত্মবিশ্বাসে চিড় ধরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনই মন্তব্য করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।এক সাক্ষাৎকারে শরদ পাওয়ার বলেছেন, ভোটের আগে যে ৪০০ পারের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলেছিলেন তা বড় অদ্ভুত ছিল। তিনি জানেন না ঠিক কিসের ভিত্তিতে এমন দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।
বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির আসন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সেখানে একটি আসনও বিজেপি জিতবে কিনা সন্দেহ। অন্যদিকে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে বিজেপির অবস্থা অত্যন্ত খারাপ।একইসঙ্গে শরদ পাওয়ার বলেছেন, ৪ দফা নির্বাচনের পর পরিস্থিতি যা তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারানো কোনও গুরুগম্ভীর বিষয় নয়। তাঁর আত্মবিশ্বাসও তলানিতে এসে ঠেকেছে। তাই মহারাষ্ট্রে ব্যাপকভাবে প্রচার শুরু করেছেন তিনি। যদিও তাতে লাভ কিছু হবে না। এবার মহারাষ্ট্রে ৫০ শতাংশ আসন পেতে চলেছে মহাজোট। এছাড়া নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী যে ধরনের ভাষা প্রয়োগ করছেন তা প্রধানমন্ত্রীর আসনের গরিমা ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেছেন শরদ পাওয়ার।









