
রথের দিন আনন্দপুরের পশ্চিম চৌবাগায় প্লাস্টিক কারখানায় দাউ দাউ করে জ্বলছে আগুন। এরইমধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়ির দোতলা থেকে ঝাঁপ দেন এক যুবক।
গুরুতর আহত হন তিনি। রবিবার বিকেলে আগুন আতঙ্কে হুলুস্থুল পড়ে গিয়েছে আনন্দপুর থানার চিনা মন্দিরে পশ্চিম চৌবাগায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে জনবসতিপূর্ণ এলাকায়। আগুনের লেলিহান শিখা পুরো কারখানাকে গ্রাস করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দকমলের একের পর এক ইঞ্জিন। কারখানায় দাহ্য বস্তু মজুত থাকায় কার্যত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে পুরো কারখানাটি। দমকল চেষ্টা চালালেও আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। কারখানার কর্মীদের দ্রুত বার করে আনা হয়। খালি করে দেওয়া হয় আশপাশের বাড়ি। কারখানায় বিপুল পরিমাণে প্লাস্টিক পণ্য মজুত থাকায় আশপাশের বাড়িতে যাতে আগুন না ছড়িয়ে পড়ে তারজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
