
আপত্তিজনক ছবি পাঠিয়ে ভিডিও কলে ব্ল্যাকমেলের অভিযোগে রাজারহাটের একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে ৩ মহিলা-সহ চারজনকে আটক করেছে বিধাননগর পুলিশ।
উদ্ধার হয়েছে ১০০টি সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, গোছা গোছা ডেবিট কার্ড, বিভিন্ন ব্য়াঙ্কের পাসবই এবং বেশ কয়েকটি মুভি ক্যামেরা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি সিমবক্স। পুলিশের অনুমান, সিমবক্সটিকে নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক কলের জন্য ব্যবহার করা হত। পুলিশ সূত্রে আরও খবর, বিলাসবহুল ওই বাড়িতে ভিডিয়ো কলের জন্য আলাদা ব্যবস্থা করা ছিল। নীচের তলায় ছিল বিশেষ আলোক সজ্জা, দ্বিতীয় তলে ছিল থাকার ব্যবস্থা। আর তিনতলায় বসে ভিডিয়ো কল করা হত। তদন্তে নেমে নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ভিনরাজ্যেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে।
