
আম আদমি পার্টির ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন দিল্লির প্রাক্তন পরিবহণমন্ত্রী কৈলাস গেহলট। রবিবার দুপুরে রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি।
আপ ছাড়ার পরই তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল।সেই জল্পনা সত্যি করে সোমবার বিজেপিতে যোগ দিয়ে কৈলাস গেহলট বলেছেন, আপ ছাড়া তাঁর পক্ষে খুব সহজ পদক্ষেপ ছিল না।
প্রথম দিন থেকে আপে সঙ্গে ছিলেন। অন্না হাজারের আন্দোলনেও যুক্ত ছিলেন। অনেকে মনে করছেন তিনি রাতারাতি সিদ্ধান্ত নিয়েছেন। কিংবা কোনও চাপের মুখে পড়ে আপ ছেড়েছেন। তিনি তাদের বলতে চান, কোনও চাপ ছিল না।রবিবার আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়েছিলেন কৈলাস গেহলট। সেই চিঠিতে ছিল দলের বর্তমান অবস্থান এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ। তাঁর মতে, দলের অন্দরেই একাধিক কঠিন চ্যালেঞ্জ-এর মুখে পড়তে হচ্ছে আপকে। কৈলাস গেহলটের দল ছাড়ার পরই তাঁর বিরুদ্ধে সরব হতে শুরু করে আপ। আপ নেতাদের একাংশের মতে, বিজেপির চাপের মুখেই এই সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস গেহলট। এর আগে ইডি এবং আয়কর দফতর তাঁর বাড়িতে হানা দিয়েছিল।
