
কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন আতঙ্কের মধ্যেই অব্যবস্থার ছবি ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন মলের কর্মীরা। আগুন লাগার পরে কালো ধোঁয়ায় ঢেকে যায় শপিং মল।
শপিং মলের কর্মী, কাস্টমারদের মধ্যে যখন হুড়োহুড়ি পড়ে যায়। ধোঁয়ার জেরে অনেকেই অসুস্থবোধ করেন। শ্বাসকষ্ট শুরু হয় অনেকের। এই অবস্থায় ফায়ার এক্সিট দিয়ে বেরতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। অভিযোগ ১২ ফুটের সিঁড়ি জুড়ে আবর্জনার স্তূপ, মালপত্রে ঠাসা। এই অবস্থায় কোথা দিয়ে বাইরে বেরবেন তা নিয়ে আতঙ্ক শুরু হয়ে যায়। তারমধ্যেই দমকলকর্মীরা একে একে সবাইকে বাইরে বার করে নিয়ে আসেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢোকেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভেন্টিলেশন চালু রাখতে একের পর এক কাচ ভেঙে দেন দমকলকর্মীরা। আনা হয ল্যাডার। মলের কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়ামের ফিরিয়ে আনা হয়। দমকলের অন্তত ১৫ টি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় শপিং মলের থার্ড ফ্লোরে ফুড কোর্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে অ্যাক্রোপলিস মলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।
