
আবারও নতুন করে গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। রবিবার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
গুলি চলার ঘটনাও ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আতঙ্ক ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কোত্রুক গ্রামে ঢুকে পড়ে একদল বন্দুকবাজ। তারপর তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বাড়ি এবং গ্রামবাসীদের লক্ষ্য করে। গ্রামের নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবীরাও পাল্টা জবাব দেন। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি লড়াই চলে। এক গ্রামবাসীর দাবি, বন্দুকবাজেরা গ্রামে ঢুকেই গুলি চালাতে শুরু করে। মহিলা, শিশু এবং বয়স্কদের নিরাপদ জায়গায় সরিয়ে দেন গ্রামের স্বেচ্ছাসেবী সদস্যরা।শুধু গুলিই নয়, গ্রামের বাড়িগুলি লক্ষ্য করে হাতে তৈরি মর্টার পাম্পিও ছোড়া হয়। গ্রামে বন্দুকবাজদের হামলার ঘটনা নিরাপত্তাবাহিনী এবং পুলিশের কাছে পৌঁছতেই তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শুক্রবারও ভোট মিটতেই অশান্ত হয় মণিপুরে।








