
আমদাবাদের একটি কাপড়ের কারখানায় গ্যাস লিক করে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও সাত জন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, আমদাবাদের নারোল শিল্পাঞ্চলের দেবী সিনথেটিক্স নামের একটি কারখানায় দুর্ঘটনাটি ঘটে। ওই ধোঁয়াতে শ্বাস নেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত ন’জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ফরেনসিক দল,গুজরাট দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং শিল্প সুরক্ষা দফতরের কর্মীরা পৌঁছে বাকিদের হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয়েছে দু’জনের। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
ছবি সৌজন্যে : এক্স







