
আমেরিকার স্কুলে ফের কিশোর বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।ঘটনার পরে আটক করা হয়েছে অভিযুক্ত কিশোরকে। আহত আরও ১২।
ঘটনাটি ঘটেছে জর্জিয়ার একটি হাই স্কুলে।জানা গিয়েছে, আচমকাই বন্দুক নিয়ে স্কুলে ঢুকে পড়ে ১৪ বছর বয়সি এক কিশোর। ক্লাসরুমে ঘুরে ঘুরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। খবর পেয়েই স্কুল ঘিরে ফেলে পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় প্রশাসন। আহতদের মধ্যে একজনের অবস্থা এতটাই গুরুতর যে আকাশপথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয় তাঁর জন্য।পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই গোটা এলাকাজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। বাড়ি থেকে বেরতে বারণ করা হয় স্থানীয়দের। বন্দুকবাজের খোঁজে শুরু হয় তল্লাশি। পরে স্থানীয় শেরিফের তরফে জানানো হয়, ১৪ বছর বয়সি অভিযুক্ত বন্দুকবাজকে আটক করা হয়েছে। যে স্কুলে হামলা হয়েছে, অভিযুক্ত সেই স্কুলেরই পড়ুয়া কিনা তা এখনও জানা যায়নি। কেনই বা সে স্কুলে হামলা চালাল, সেই প্রশ্নের উত্তরও মেলেনি। আপাতত ওই স্কুলের আশেপাশে আসতে নিষেধ করা হয়েছে আমজনতাকে।
