
বাবাসাহেব আম্বেদকর না থাকলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোনওদিন সংরক্ষণ চালু করতে রাজি হতেন না। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার বিহারের মোতিহারিতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, বি আর আম্বেদকর না থাকলে জওহরলাল নেহরু কোনওদিন তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ চালু করতে রাজি হতেন না। জওহরলাল নেহেরু একাধিকবার প্রকাশ্যেই সংরক্ষণের বিরোধিতা করেছেন। এমনকী দেশের তৎকালীন মুখ্যমন্ত্রীদের এই নিয়ে চিঠিও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নন, গোটা কংগ্রেসেরই এটা রীতি।তারা বরাবর পিছিয়ে পড়াদের সংরক্ষণের বিরোধিতা করে এসেছে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, সকলেই সংরক্ষণের বিরোধিতা করেছেন। আসলে কংগ্রেস কোনওদিন তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের সম্মান করে না।আর বিজেপি সরকার ফের ক্ষমতায় ফিরলে সংরক্ষণ বাতিল করে দেওয়া হবে বলে যে প্রচার করা হচ্ছে, সেটা আসলে অপপ্রচার। এতে কোনও সত্যতা নেই।
