
আরজি কর হাসপাতালে পৌঁছে নতুন অধ্যক্ষ সুহৃতা পাল এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ডেলিনা খণ্ডুপের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে জানিয়েছেন, মহিলা কমিশন আন্দোলনকারীদের পাশে রয়েছে।
পাশাপাশিই, মঙ্গলবার কলকাতা পুলিশও লালবাজারে ডেকে পাঠিয়েছে আরজি করের চার জুনিয়র চিকিৎসক-সহ আরজি করের বেশ কয়েক জন পদাধিকারী এবং কর্মীকে। এর মধ্যে ওই চার জুনিয়র ডাক্তারের সঙ্গে বসে শেষ খাবার খেয়েছিলেন নিহত মহিলা চিকিৎসক। এ ছাড়া জিজ্ঞাসাবাদ করা হবে আরজি করের ওই মহিলা চিকিৎসকের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপার, পুরুষ এবং মহিলা নার্স, গ্রুপ-ডি কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদেরও। পুলিশ সূত্রের খবর, কিছু বিষয়ে সন্দেহ নিরসনের জন্যই ডাকা হয়েছে এঁদের।








