
আরজি করে আন্দেলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়েছেন অভিনেত্রী অপর্ণা সেন। বিক্ষোভকারীরা নিজেদের সিপিএম কর্মী বলে পরিচয় দিয়েছেন।
শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনেদের একাংশ। অপর্ণা সেই মিছিলের ডাকে অন্যতম স্বাক্ষরকারী। শারীরিক অসুস্থতার কারণে তিনি মিছিলে না হেঁটে সরাসরি পৌঁছে যান আরজি করে। পৌঁছনো মাত্রই হাসপাতালের বাইরে উপস্থিত একাধিক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপর্ণা অবশ্য তাৎক্ষণিক ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়াই ব্যক্ত করেননি। তিনি ভিতরে ঢুকে যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে। বিক্ষোভকারীদের গেটে আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরাও সতর্ক ছিলেন, যাতে বিক্ষোভকারীদের কেউ আরজি কর চত্বরে ঢুকে পড়তে না পারেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অপর্ণা বলেন, তিনি কলকাতার একজন নাগরিক হিসাবে এখানে এসেছেন। আন্দোলনের যে দাবি, তার একশো শতাংশের সঙ্গে তিনি একমত। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। দাবি করেন, আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার।উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে অপর্ণা বলেন, অপরাধীদের ধরতে পারলে তাদের কঠোর, কঠিন শাস্তি দিতে হবে।





