
ধর্ষণ ও খুনের ঘটনার আগে রাতেরবেলায় মোট চার বার আর জি কর হাসপাতাল চত্বরে ঢুকেছিলেন মূল অভিযুক্ত সঞ্জয় রাই।
অভিযোগ, ঠান্ডা মাথায় ধর্ষণ-খুনের পরেও এক মহিলাকে ফোন করে তাঁর সঙ্গে অভব্যতা করেছেন তিনি। এ বার এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। ঘটনার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের একটি সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগের দিন সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত মোট চার বার আর জি করে যান অভিযুক্ত। তার মধ্যে এক বার গিয়েছিলেন আর এক সিভিক ভলান্টিয়ার বন্ধুর সঙ্গে। সেই বন্ধুর কোনও পরিচিত আর জি করে ভর্তি ছিলেন। তাঁকে দেখতে যাওয়ার অছিলাতেই বন্ধুর সঙ্গে হাসপাতালে ঢোকেন তিনি। এ ছাড়াও চিকিৎসকের ধর্ষণ এবং খুন হওয়ার আগে আরও দু’বার নানা অজুহাতে আর জি কর চত্বরে গিয়েছিলেন অভিযুক্ত। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার পর এক দিদি’কে ফোন করেন অভিযুক্ত। দিদি বলে সম্বোধন করলেও তাঁর সঙ্গেও নাকি ফোনে অভব্যতা করেন তিনি। ঘটনার আগের রাতের সিসিটিভি ফুটেজ বলছে ৮ অগাস্ট রাত ৮টা নাগাদ এক বার হাসপাতাল থেকে বেরোন ধৃত সিভিক ভলান্টিয়ার। যান চেতলার এক যৌনপল্লিতে। সেখান থেকে ফেরার পথে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে আরও একটি মেয়েকে উত্ত্যক্ত করেন তিনি।
