
আমেরিকা-ব্রিটেনের পর এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন নিউজিল্যান্ডের প্রবাসী ভারতীয়েরা। ক্রাইস্টচার্চের রাস্তায় নীরবতা পালন করেছেন তাঁরা। একই সঙ্গে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
ক্রাইস্টচার্চে প্রতিবাদে শামিল হওয়া ভারতীয়দের সকলের হাতেই ছিল পোস্টার। কোথাও লেখা বিচার চাই, কোনও পোস্টারে আবার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক। সেই জমায়েতে ছিলেন বিভিন্ন বয়সের মানুষ। শিশুদের নিয়েও এসেছিলেন কেউ কেউ। নাগরিক সমাজের প্রতিনিধি শিরীষ পরাঞ্জপে এবং কৃষ্ণা বাদামির মতো ব্যক্তিত্বও এসেছিলেন ক্রাইস্টচার্চের প্রতিবাদে। ক্রাইস্টচার্চের একজন সংসদ সদস্য মেগান উডসের প্রতিবাদে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। তবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।প্রতিবাদীদের দাবি ছিল আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীর শাস্তি। শুধু ক্রাইস্টচার্চ নয়, নিউজিল্যান্ডের ওকল্যান্ড এবং ওয়েলিংটনেও একই রকম প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
