
উত্তর কোরিয়ার সেনারা রুশ ইউনিফর্মে এবং সরঞ্জাম বহন করে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন।
একে তিনি বিপজ্জনক বলে অভিহিত করেছেন। অস্টিন ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন।রাশিয়ায় পিয়ংইয়ংয়ের ১২ হাজার সেনা মোতায়েনের বিষয়ে উদ্বেগ বাড়ার পর তারা এ কথা বলেছেন। আমেরিকার এবং দক্ষিণ কোরিয়া বলেছে,উত্তর কোরিয়ার কিছু সেনা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যাচ্ছে।যেখানে ক্রেমলিনের বাহিনী ইউক্রেনের অনুপ্রবেশ ঠেকাতে লড়াই করেছে।উত্তর কোরিয়ার কিছু অগ্রগামী ইউনিট ইতিমধ্যেই কুরস্ক অঞ্চলে পৌঁছেছে এবং অস্টিন বলেছেন, রাশিয়া যুদ্ধে এই সেনাদের ব্যবহার করবে, এর সম্ভাবনা খুব বেশি।ইউক্রেনের রাষ্ট্রসংঘের রাষ্ট্রদূত সার্জি কিসলিয়্যাস রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তৃতায় বলেছেন,এই সপ্তাহে প্রায় চার হাজার ৫০০ উত্তর কোরিয়ান সেনা সীমান্তে থাকবে এবং নভেম্বরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অভিযানে সরাসরি অংশগ্রহণ শুরু করবে। অস্টিন বলেছিলেন,এ বিষয়ে কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা করছেন।এ ঘটনায় ইউক্রেনের সংঘাতকে প্রসারিত বা দীর্ঘায়িত করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।তবে অন্য দেশগুলো সংঘাতে সরাসরি জড়িয়ে যেতে পারে কি না জানতে চাইলে তিনি বলেছেন, অন্যরা পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে।অস্টিন বলেছেন, তাঁদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে রাশিয়াকে যুদ্ধে সেনা মোতায়েনে নিরুৎসাহিত করা যায়।এর আগে কিম বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না সেনা মোতায়েন কোরীয় উপদ্বীপে যুদ্ধের সূত্রপাত করবে,তবে নিরাপত্তা হুমকি বাড়িয়ে তুলতে পারে।
কিম এবং অস্টিন উভয়েই উত্তর কোরিয়াকে তার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এদিকে আমেরিকা ধারণা করছে, রাশিয়ায় এখন প্রায় দশ হাজার উত্তর কোরিয়ার সেনা রয়েছে।






