
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। এই ঘটনা আহত হয়েছেন ৮৪ জন। হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এই হামলার মাত্র দুই দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক স্টিভ উইটকফের বৈঠক হয়েছিল। সুমি শহরটি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত এবং কয়েক সপ্তাহ ধরে এখানে হামলা বাড়ছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, রাশিয়া শহরের কেন্দ্রভাগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে—সেই সময় বহু মানুষ রাস্তায় ছিল। মানুষ রাস্তায়, গাড়িতে, গণপরিবহনে ও ঘরে—সব জায়গায় আহত হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে দৃঢ় প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র একটি সাধারণ শহরের রাস্তা, সাধারণ জীবন, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তায় থাকা গাড়িগুলোর ওপর আঘাত হেনেছে।
