
ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথম মস্কো যাবেন প্রধানমন্ত্রী। মার্চে মস্কোর তরফে তাঁকে রাশিয়ায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৮ থেকে ১০ জুলাই রাশিয়া ও অস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। ৮ ও ৯ জুলাই তিনি রাশিয়ায় থাকবেন। যোগ দেবেন ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে। পরে ৯ জুলাই অস্ট্রিয়া যাবেন তিনি। পরদিন ফিরবেন দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দুই সফরকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটা তাঁর দ্বিতীয় বিদেশ সফর। প্রসঙ্গত, ৪১ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী এই প্রথম অস্ট্রিয়া সফরে যাচ্ছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের দিকেও নজর থাকবে বিশ্বের। তিনি শেষবার রাশিয়ায় গিয়েছিলেন ২০১৯ সালে। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০২৩ সালের ডিসেম্বরে পাঁচদিনের মস্কো সফরে গিয়েছিলেন।








