
পুর নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রীর পর সুজিত বসুর ছেলেও ইডি-র হাজিরা এড়িয়েছেন। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু-র হাজিরার কথা থাকলেও তিনি ইডিকে জানিয়েছেন আগের থেকে ঠিক করা অন্যান্য কর্মসূচি থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না।
আগামী সপ্তাহে হাজিরার জন্য দিন ঠিক করার দাবি জানিয়েছে সমুদ্র বসু। এর আগে বুধবার পুজো আছে এই যুক্তিতে ইডির তলব এড়িয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী। তবে সুজিত বসুর মেয়ে এবং জামাই ইডি দফতরে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার সুজিত বসুর মেয়ে মোহিণী বসুকে ৮ ঘণ্টা ম্যারাথন জেরা করেন ইডির আধিকারিকরা। সোমবার ইডির জেরার মুখোমুখি হয়েছেন জামাই রাহুল সিং। ১০ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ, গোলাঘাটায় দমকলমন্ত্রী ছেলে সমুদ্র বসুর ধাবা-তে একযোগে হানা দেয় ইডি।
এছাড়াও তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট, গোডাউন, নাগেরবাজারের প্রোমোটার ও এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর তারাতলায় অফিস থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩ কোটি টাকা। সেই সূত্রে সুজিত বসুর পরিবারকে পরপর জেরা করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।




