
ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশের মানুষকে আরও ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।তিনি আরও বলেছেন এর আগেই আপ ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ফ্রিতে দিত।
আর এবার কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তা বাড়িয়ে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ করা হবে। কেজরিওয়াল বলেছেন দেশের প্রতিটি গ্রামে আধুনিক স্কুল গড়ে তোলা হবে। এদেশে প্রতিটি শিশুর জন্য সুষ্ঠু ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। কেজরিওয়াল বলেছেন প্রতিটি গ্রাম ও প্রতিটি ব্লকে মহল্লা ক্লিনিক স্থাপন করা হবে। প্রতিটি জেলায় মাল্টি-স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি তিনি আরও বলেছেন চিন ভারতের যে ভূমি দখল করেছে তা ফিরিয়ে আনা হবে। অগ্নিবীর প্রকল্প বন্ধ করা হবে, সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা। তিনি আরও বলেছেন স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকরা তাদের সব ফসলের দাম পাবে। এক বছরে দুই কোটি চাকরির নিশ্চয়তা দেওয়া হবে।








