
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা ও তার পশ্চিমী মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পরিষদের বৈঠকে উত্তপ্ত আলোচনা হয়।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের ওপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা বন্ধ করার প্রস্তাব দেয়।তবে ওই প্রস্তাব ভোটাভুটিতে ১১ বনাম ২ ভোটে খারিজ হয়ে যায় এবং দু’ দেশ ভোটদানে বিরত থাকে।বৈঠকে রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধি মাইক ওয়াল্টজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলেন। তিনি বলেছেন, ১৭৩৭ কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে মস্কো ও বেজিং তেহরানকে সহায়তা করার চেষ্টা করছে।তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুত করেছে এবং সংস্থাটিকে সেই মজুদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেয়নি।
অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রসংঘে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। তার মতে, তেহরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরির জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।









