
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস। ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক মাধ্যমিকেও চতুর্থ হয়েছিলেন।
তেমনই দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা-র মাধ্যমিকে তাঁর র্যাঙ্ক ছিল ২৮। ফলে মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন অভীক, সৌম্যদীপ। তৃতীয় স্থানাধিকারী মালদার রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিষেক গুপ্ত। চতুর্থ স্থানে রয়েছেন দুই কন্যা, কোচবিহারের প্রতীচী রায় তালুকদার এবং চন্দননগরের স্নেহা ঘোষ। এরপর পঞ্চম স্থানে রয়েছেন ৭ জন। ষষ্ঠ স্থানে ৪ জন। এবার উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। সেই ৫৮ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ৩৫ এবং ছাত্রী রয়েছেন ২৩ জন। অন্যদিকে নেপালি ভাষা পরীক্ষা দিয়ে প্রথম হয়েছেন ৩ জন। যাঁরা প্রত্যেকেই দার্জিলিং জেলার বাসিন্দা। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় উল্লেখযোগ্যভাবে জায়গা পেয়েছে ছাত্রীরাও। উল্লেখযোগ্যভাবে ভাল ফল করেছে আবাসিক স্কুলের ছাত্রীরাও। উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন আগামী দিনে এঁরাই দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে।
