
হকার উচ্ছেদ নয়, হকার রেগুলারাইজ, রিকনস্ট্রাকশন। বুলডোজার দিয়ে কলকাতায় এবং জেলাতে রাস্তা দখল করে হকারদের কাঠামো ভাঙার পর বিতর্কের প্রেক্ষিতে ব্যাখা মেয়র ফিরহাদ হাকিমের।
শুক্রবার মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বেশ কয়েকজন মেয়র পারিষদকে নিয়ে নিউ মার্কেট সহ মধ্য কলকাতার হকার এলাকা পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। সরকারি জায়গা এবং ফুটপাথের কতটা জায়গা দখল হয়েছে তা নিয়ে সমীক্ষা চালানো হয়। এর আগে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া কমিটি বৈঠকে বসেন। সূত্রের খবর সেখানেই ঠিক হয়েছে ৫ ফুট বাই ৩ ফুটের মধ্যে হকারদের বসতে হবে। বাকি জায়গায় পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে। এদিকে উত্তর থেকে দক্ষিণ কলকাতাজুড়ে বেআইনি পার্কিংয়ে বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। রাস্তার ওপর নো পার্কিং জোনে রাখা গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয়, কোথাও গাড়িগুলোকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ।




