
৬৭টি গ্রাম নিয়ে কুম্ভ মেলা অঞ্চলকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। নতুন জেলার নাম হবে মহাকুম্ভ মেলা।
আগামী বছরের জানুয়ারিতে প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজিত হবে। তার আগে সরকারি নির্দেশিকা জারি করে নতুন জেলা তৈরির কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫ সালের কুম্ভ মেলা আয়োজনের জন্য মেলা অঞ্চলকে নিয়ে নতুন জেলা গঠন করা হচ্ছে। কুম্ভ মেলার সুষ্ঠু ভাবে আয়োজনের জন্য এই জেলা গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এটি একটি স্থায়ী জেলা, না কি কুম্ভ মেলা আয়োজনের জন্য সাময়িক প্রশাসনিক বন্দোবস্ত, তা স্পষ্ট নয়। তবে নির্দেশিকা অনুসারে, নতুন জেলায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং নির্বাহী আধিকারিক হিসাবে দায়িত্ব সামলাবেন মেলা আধিকারিকরা। মহাকুম্ভ মেলা জেলা গঠনের পর উত্তরপ্রদেশে জেলার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৬। প্রয়াগরাজের চারটি মহকুমা (তহসিল)-র ৬৭টি গ্রাম নিয়ে এই জেলা গঠিত হয়েছে। সরকারি নির্দেশিকা অনুসারে, সদর মহকুমার ২৫টি গ্রাম, সোরাঁও মহকুমার তিনটি গ্রাম, ফুলপুর মহকুমার ২০টি গ্রাম এবং করছনা মহকুমার ১৯টি গ্রাম থাকছে নতুন জেলার মধ্যে। প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজন হয়।
আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। ইতিমধ্যে কুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।
