
বৃষ্টি বিপর্যয় থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। শনি ও রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সাত দিন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং বীরভূম জেলাতে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। অন্যদিকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।
