
দেশের উত্তর থেকে দক্ষিণে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সবুজ পতাকা দেখিয়ে মিরাট-লক্ষ্ণৌ,মাদুরাই-ম্যাঙ্গালুরু এবং চেন্নাই-নাগেরকয়েল রুটের বন্দেভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের উত্তর থেকে দক্ষিণে উন্নয়ন যাত্রায় নতুন অধ্যায় যুক্ত হচ্ছে।বন্দে ভারত ট্রেনের এই বিস্তৃতি, গতি, দেশকে ধাপে ধাপে উন্নত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ট্রেনগুলি তীর্থযাত্রীদের যেমন সুবিধা প্রদান করবে, তেমন ছাত্র, কৃষকদের ব্যাপকভাবে উপকৃত করবে। যেখানেই বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা পৌঁছে যাচ্ছে, সেখানে পর্যটকের সংখ্যাও বাড়ছে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, উন্নত ভারতের লক্ষ্য পূরণ করতে, দক্ষিণের রাজ্যগুলির দ্রুত উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে প্রচুর প্রতিভা, বিপুল সম্পদ এবং সুযোগ রয়েছে। তাই তামিলনাড়ু, কর্নাটক-সহ সমগ্র দক্ষিণের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার।








