
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। শনিবার রাতে ওই এলাকায় সাগরের উপর ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে গিয়েছিল ৬৫ কিলোমিটারেও। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।









