
উপনির্বাচনে মানিকতলার সুপ্তি পাণ্ডের বাকি তিন কেন্দ্রের প্রার্থীদের নামও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল কংগ্রসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর।প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তাঁরা তৃণমূল কংগ্রেসের যোগ দেন। লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ কেন্দ্রে এবং মুকুটমণি অধিকারীকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসকদল। দু’জনেই বিধায়ক পদে ইস্তফা দেন। ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দু’জনেই। তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দেখা যাচ্ছে দুই নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী।
