
কলকাতার বিভিন্ন বাজারে মঙ্গলবারও চলেছে টাস্ক ফোর্সের হানা। শহরের বাজারদর খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে উল্টোডাঙায় সবজির পাইকারি বাজারে একযোগে হানা দিয়েছে টাস্ক ফোর্স ও ইবি-র প্রতিনিধিরা।
টাস্ট ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে অবশ্য মেনে নিয়েছেন কিছু কিছু সব্জির দাম যথেষ্ট চড়া। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও ক্রেতাদের দাবি বাজারে হানার সময় দাম কমলেও টাস্ক ফোর্সের সদস্যরা চলে গেলে আবার যে কে সেই। সব্জির অগ্নিমূল্য ঠেকাতে উত্তর ২৪ পরগনার হৃদয়পুর বাজারে হানা দিয়েছে জেলার আধিকারিকরা। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরাও ছিলেন। এদিকে ঊর্ধ্বমুখী সবজির দাম ঠেকাতে আসানসোল বানপুর ডেলি মার্কেটে হানা দিয়েছে কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা এবং এসডিও আসানসোল।
