
দেশের একাধিক রাজ্যে ১০০ দিনের কাজের টাকার নয়ছয় ধরা পড়েছে। এমনটাই জানিয়েছে আর্থিক সমীক্ষায়।
আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিভিন্ন রাজ্যেই ১০০ দিনের কাজের টাকার নয়ছয় ধরা পড়েছে। অনেক টাকাই মানুষের কাছে পৌঁছয়নি। গত চার বছরে ৯৩৫ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। তবে এই কাজের চাহিদার সঙ্গে গ্রামের অর্থনীতির দুর্দশার সম্পর্ক নেই। তাহলে যে রাজ্যে যত গরিব, যত বেকার সে রাজ্যে তত বেশি মাত্রায় ১০০ দিনের কাজের টাকা খরচ হত। কিন্তু তামিলনাড়ুতে দেশের মোট গরিব জনসংখ্যার ১ শতাংশ মানুষের বসবাস হলেও ১০০ দিনের কাজের টাকার ১৫ শতাংশ ব্যয় হয়। কেরলে দেশের মোট গরিবদের মাত্র ০.১ শতাংশ মানুষের বাস। কিন্তু ১০০ দিনের কাজের তহবিলের ৪ শতাংশ ব্যয় হয়েছে। এই তত্ত্ব প্রমাণ করতে আর্থিক সমীক্ষায় কোন রাজ্য ১০০ দিনের কাজের প্রকল্পের বরাদ্দের কত ভাগ পেয়েছে এবং দেশের মোট গরিবদের মধ্যে সেই রাজ্যে গরিবদের ভাগ কতটা, তার বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু এই বিশ্লেষণে পশ্চিমবঙ্গ, মণিপুর গরহাজির। কারণ এই রাজ্যগুলিতে একশো দিনের কাজে গত অর্থ বছরে কোনও টাকা যায়নি।
