
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা থেকে আবারও ওয়াকআউট বিজেপি বিধায়কদের। এত দাম খাব কী স্লোগান দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
১০ টাকা কেজি দরে আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদও করেন তাঁরা। শুক্রবার মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় বিজেপির তরফে প্রস্তাব আনা হয়। তা নিয়ে আলোচনা শুরু হতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়করা দাবি করতে থাকেন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বাজারে শাকসব্জি থেকে মাছ মাংস সবেরেই দাম বেড়েছে। পাল্টা তৃণমূল বিধায়করা দাবি করতে থাকেন কেন্দ্র পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর জন্যই বাজারের পরিস্থিতি পাল্টেছে। এরপরেই হৈ হট্টগোল শুরু হয়। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।








