এনআইএ-র এস পি বদলি,তৃণমূলের আবেদন খারিজ  

0
250
NIAs SP transfer Trinamools plea rejected
NIAs SP transfer Trinamools plea rejected

ভূপতিনগরকাণ্ডে দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় আলোচনায় উঠে আসা এনআইএ-র এস পি ধনরাম সিংহের বদলির আবেদনে হস্তক্ষেপই করল না কলকাতা হাই কোর্ট।

 শাসকদল তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের বক্তব্য,কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলির বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়।এর আগে এনআইএ-র সুপার ধনরামের বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস।সেখানে সুরাহা না হওয়ায় তারা মামলা দায়ের করে হাই কোর্টে। আদালতে এনআইএ-ও পাল্টা দাবি করে যে, তদন্ত থেকে বাঁচতেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। সেই মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ,তৃণমূল কংগ্রেস চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে।কেন্দ্রীয় আধিকারিকদের বদলির সিদ্ধান্ত তারা নিতে পারে না। সেই কারণে শাসকদলের আবেদনে হস্তক্ষেপই করতে রাজি হয় নি উচ্চ আদালত।উল্লেখ্য,তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, ধনরামের সঙ্গে বিজেপি বৈঠকের পরেই এনআইএ সক্রিয় হয়ে ভূপতিনগরকাণ্ডে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।ধনরামের বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই এনআইএ-র এসপির হাতে তৃণমূল নেতাদের নামের একটি তালিকা ধরিয়ে দেন তিনি।সেই সঙ্গে একটি সাদা প্যাকেটও ধনরামের হাতে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। তাদের বক্তব্য, ওই সাদা প্যাকেটে টাকা আছে কি না, পুলিশ তার তদন্ত করুক। তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, জিতেন্দ্র তিওয়ারি যে ধনরামের বাড়িতে গিয়েছিলেন, তার ভিডিয়োও রয়েছে তাঁর কাছে।পাল্টা জিতেন্দ্র দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেস যদি প্রমাণ করতে পারে যে এমন কোনও বৈঠক তিনি করেছেন, তা হলে রাজনীতির ময়দান থেকেই সরে যাবেন।