এবার অনশনে সিনিয়ররাও, পুজোর দিনে ধর্নায় নির্যাতিতার বাবা-মা

0
585
জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানিয়ে এবার অনশনে বসবেন সিনিয়র চিকিৎসকরা। সিদ্ধান্ত ঘোষণা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স।
জুনিয়রদের পাশে দাঁড়িয়ে রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রবিবার জুনিয়র ডাক্তারদের ডোরিনা ক্রসিং এর ধর্নাস্থলে গিয়েছিলেন সিনিয়র  চিকিৎসকরা। ৫৮ দিন পর কর্মবিরতি তুলে শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র  চিকিৎসকরা। পাশাপাশি দাবি পূরণে সরকারের ওপর চাপ জারি রাখতে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়ররা। ৬-৭ জন রিলে অনশন চালিয়ে যাবেন প্রত্যেকদিন। আর জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সিনিয়র  চিকিৎসকরা। এই প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন তাঁরা জুনিয়রদের আন্দোলনকে সমর্থন করছেন। এরপর জেলায় জেলায় শুরু হবে। এই আন্দোলন বৃথা হবে না। প্রশাসনকে বার্তা দিতেই হবে। এদিকে পুজোর ৪ দিন পর্যন্ত ধর্নায় বসছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। পুজোর কটা দিন বাড়িতে আলো, ঢাকের আওয়াজে গমগম করত। কিন্তু এবার সব শেষ। নিজেরাই জানিয়েছেন ষষ্ঠী থেকে দশমী তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা মেয়ের বিচারের দাবিতে ধর্না চালিয়ে যাবেন। নির্যাতিতার মা আরও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা যেভাবে না খেয়ে অনশন করছে তাতে তিনি খুবই কষ্ট পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি দেখার আবেদনও করেছেন।